❑ সাম্য রাইয়ান
ফুলের বিষণ্ন মুখগুলো আমার মনে পড়ে৷
বনের ভেতরে মাঠ, গেরস্থালি; কোথায় যেন
আটকে যাচ্ছে সব, গুজবে গ্রীষ্মের মাতম৷
সন্ধ্যের আগে, চৌরাস্তায় ছিঁটকে পড়ে অন্ধকার
শ্যাওলায় ডুবি ডুবি ভোরের সমাধি৷
তীরবর্তী অসংখ্য গাছের কোলাহল
মেঘে মেঘে ঢেউ তোলে মৃদু
ভূমিতলে অন্ধকার, বিপর্যস্ত হাওয়া
আমি খুব মায়া—বন্ধন ছিঁড়ে
বারবার জন্মাতে দেখি
একই কাঠামো, অন্তহীন ছকের ভেতর
ডুবে যাচ্ছি অহিংস প্ররোচনায়
জলরিক্ত চকচকে প্রেম—আমাকে উদ্ধার করো
সকাল-সন্ধ্যা অক্ষরে অক্ষরে ভরে যাচ্ছে
অন্ন-বস্ত্র-অভিধান৷ উদ্ধার করো৷
গার্হ্যস্থ প্রেমে কাকভেজা রেইনকোটের মতো
দিনে ও রাতে আবর্তিত হচ্ছে তোমার
স্বপ্ন ও সন্দেহ৷ যাবতীয় প্রেমের অধিক৷
শরীরভর্তি জন্মান্ধ কারুকাজ, পরাজিত
মুদ্রার মতো জয়গর্বহীন
আবৃত করে ফেলে, মধ্যরাতের আন্দোলিত শিখা৷