❑ সাম্য রাইয়ান
তুমি ডাকলে না, এলেও না
নীরবে, নিঃসঙ্গ চলে যাই।
শূন্য টেবিলের কাছে গিয়ে বসি;
গল্প করি, রৌদ্র বিষয়ক
চা-দোকানির সাথে।
জানো? বিক্রেতার কাছে
সকলই সমান, সমমুনাফার!
তুমি ডাকলে না, এলেও না
বসে রইলে সোনালী মেঘের মতো।
তুমি যদি জানতে, একেকটা দিন
কতো কতো ঘণ্টাধ্বনি ডাকে তোমার
নিকটে, আর তুমি হও
উল্টোমুখি চুম্বকের মতো,
দূরবর্তী হতে থাকো
উল্টোমুদ্রায়!