❑ সাম্য রাইয়ান
অলীক বর্ণমালা কিছু, ভেসে আসে ওপার
সমুদ্র থেকে৷ আমি টের পাই—আছড়ে পড়া
ধ্বনি৷ হৃদয়ের পাড় ঘেঁষে অনেক আঁচড়!
মখমল সেতু৷ মাল্টিকালার প্রেম৷ টের পাই৷
জুতার বাগানে লুকিয়ে থাকা শব্দ, আড়ালপ্রিয়
আমারই মতোন তারা অন্ধকার ভালোবাসে৷
আলো দেখে আড়ালে লুকায়! সমুদ্র ডাকে৷
দুপুরের রোদে হেসে ওঠে চকচকে দাঁত৷
এইসব চকমকি রোদের গল্প তোমার কাছে
আর বলা হবে না৷ খামোখা হাসির শব্দ
টের পাই৷ পড়ে থাকা লাল—বলা হবে না৷