❑ সাম্য রাইয়ান
জুতোর মাপে পা এঁকে নিচ্ছি৷ ব্রিজের উপর ব্রিজ
ভেদ করে পুলিশের গাড়ি, অথবা অ্যাম্বুলেন্সও
হতে পারে৷ পরিচিত ধানক্ষেতজুড়ে ভ্যানগঘ৷
হাইফেন চক্রের পাশে আমি ও মহোদয়
লুফে নিচ্ছি জলের শুশ্রূষা৷
ভ্রান্তিটুকুই বাঁচিয়ে রাখবে আমাদের
দেখে নিও—
হাহাকারে নষ্ট হবে চোখ৷
এই বুদ্বুদগুলো নদীর নিঃশ্বাস
বেঁচে থাকার চিরকৌশল—
উড্ডীন পাখিদল
আমাদের ভেতরে রেখে যাচ্ছে ডানার ছায়া৷
তার চোখে চেনা জল, ঠোঁটে অসংখ্য ঢেউ
একটি ডানায় লিখছে লুপ্ত রোদের ইতিহাস৷